সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জলাশয় ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন, যারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুস সালাম (৫৫), ময়দান আলীর ছেলে, এবং ইসমাইল হোসেন (৮০), জামতৈল এলাকার মৃত মনছের আলীর ছেলে।

গোয়ালপাড়া এলাকায় একটি সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক ও প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা আসমত আলী গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সংঘর্ষটি ঘটে সকালে পুকুরে জাল টান দেওয়ার সময়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকসহ অন্তত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

মাধাইনগর ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি মো. রমজান আলী জানিয়েছেন, নিহত দুই ব্যক্তি বিএনপি’র সমর্থক ছিলেন। এ ঘটনায় প্রতিপক্ষ আসমত আলী গংদের পক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।

এই বিভাগের আরও সংবাদ