প্রবাস

ইতালিতে বাংলাদেশি নারীর সহযোগিতায় ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলীয় নারী

জাহাঙ্গীর আলম চমক, ইতালি প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে অবস্থিত ইউরোপের অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক ‘রোম গ্র্যান্ড মসজিদে’ এক ব্রাজিলীয় নারী (৪৩) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দীর্ঘ সময় ধরে ইসলামি জীবনদর্শন নিয়ে গবেষণা ও অধ্যয়নের পর তিনি এই সিদ্ধান্ত নেন। পবিত্র কালিমা পাঠের পর তার নতুন নাম রাখা হয়েছে ‘জাইনাব’।

বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, জাইনাবের এই ধর্মান্তরের পুরো প্রক্রিয়া এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ছায়ার মতো পাশে ছিলেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারী মেহজাবীন মুনিরা।

জাইনাবকে ধর্মীয় দিকনির্দেশনা দেওয়া এবং মসজিদের প্রয়োজনীয় দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী বাংলাদেশি মেহজাবীন মুনিরা। একজন ভিনদেশি নও মুসলিমকে এভাবে আপন করে নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয় বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির মধ্যে তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন।

যে স্থানে এই ইসলাম গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, সেই রোম গ্র্যান্ড মসজিদটি ইউরোপের অন্যতম বৃহত্তম মসজিদ। ইতালিতে ইসলামি সংস্কৃতি ও আন্তধর্মীয় সংলাপের প্রধান কেন্দ্র হিসেবে এই মসজিদটি পরিচিত। সেখানে প্রতিদিন বিভিন্ন দেশের শত শত মুসলিমের সমাগম ঘটে।

জাইনাবের এই রূপান্তরের ঘটনাটি ইতালিতে বসবাসরত প্রবাসী মুসলিমদের মধ্যে নতুন করে ভ্রাতৃত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ