তুরাগ ও উত্তরায় গ্যাস না থাকায় রোজা ও সেহরিতে ভোগান্তি


মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : পবিত্র মাহে রমজানের শুরুতেই রোজার প্রথম ও দ্বিতীয় দিন ইফতার ও সেহরির সময় বাসা বাড়িতে গ্যাসের চাপ প্রয়োজনের তুলনায় কম থাকায় চরম সংকটে ভুগতে হচ্ছে রাজধানী তুরাগ ও উত্তরাবাসিকে। রোজা শুরুর প্রথম দিন বুধবার, বৃহস্পতিবার ও আজ শুক্রবার ইফতারের আগে এবং সাহরির পূর্বে নগরীতে গ্যাস সরবরাহ কম ছিল এবং কিছু এলাকায় ছিলই না। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেতসহ নগরবাসীকে। অনেকেই সঠিক সময়ে ইফতার ও সেহরির খাবার তৈরি করতে পারেননি। অনেকে না খেয়ে কিংবা শুকনো খাবার খেয়ে রোজা রাখতে বাধ্য হয়েছেন। এমন অভিযোগ ভুক্তভোগী এলাকাবাসির। এতে করে লাখো মানুষ ভোগান্তির শিকার হয়। খবর সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের।
তথ্য অনুসন্ধান, ভুক্তভোগীদের অভিযোগ ও খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর বৃহত্তর উত্তরা, তুরাগের চন্ডাল ভোগ, ডিয়াবাড়ি, নলভোগ, রানাভোলা, কামারপাড়া, রাজাবাড়ি, ধউর, ফুলবাড়িয়া, খানটেক, দলিপাড়া, পাকুরিয়া, খানটেক, বাউনিয়া গ্রামের বাসিন্দারা এ প্রতিবেদককে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) তিতাসের ঘোষণা দেখেছিলাম গত ১/২ দিন দুপুরে ও রাতে তিতাস গ্যাস সরবরাহ থাকবে না। সে অনুযায়ী বাসায় প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাতের বেলায় গ্যাস এলে সেহরির জন্য রান্নাবান্না করার কথা ছিল। কিন্তু গ্যাসের জন্য অপেক্ষা করতে করতে রাত ২টায় আমরা ঘুমিয়ে যাই। এরপর রাত ৪টায় উঠেও দেখি গ্যাস আসেনি। পরে ৪টা ২০ মিনিটে হঠাৎ করে অল্প অল্প গ্যাস আসে। কিন্তু তখন আর রান্না করার উপায় ছিল না। আমরা কেউ শুকনো খাবার, ফল খেয়ে, কেউ শুধু পানি খেয়ে রোজা রেখেছি।
তুরাগের ডিয়াবাড়ি, নলভোগ, চন্ডাল ভোগ, রানাভোলা ও কামারপাড়া গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগ করে এ প্রতিবেদককে জানান, রোজার শুরুতেই তিতাস গ্যাস আমাদের সাথে লুকোচুরি খেলছে। ইফতার ও সেহরির সময় গ্যাসের চাপ কম থাকে। অনেক সময় চুলা জ্বলে না। প্রয়োজনের সময় না পেলে তখন কষ্টের সীমা থাকে না। তখন বাধ্য হয়ে হোটেলে যাই খাবার কেনার জন্য। কিন্তু হোটেলে গিয়ে দেখি খাবার শেষ। এত রাতে কী করব ভেবে পাচ্ছিলাম না। কেউ কেউ মাটির চুলা ও সিলিন্ডারে রান্না করে খাবার খেয়েছেন।
এছাড়া উত্তরা বিভাগের উত্তরখান মাষ্টারপাড়া, চানপাড়া, মৈনারটেক, কামুড়খান, হেলাল মার্কেট, দক্ষিণখানের ফায়দাবাদ, কোর্টবাড়ি, আব্দুল্লাহপুর, গোয়ালটেক, চালাবন, উত্তরখান মাজার, চেয়ারম্যান পাড়া, আজমপুর, জয়নাম মার্কেট, আশকোনা, উচারটেক, খিলক্ষেতের পাতিরা, ডুমনি, নিকুঞ্জ, টানপাড়া, নামাপাড়া, উত্তরা মডেল টাউনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)র বিভিন্ন এলাকায় একই রকম পরিস্থিতির কথা জানা যায়। গ্যাস না থাকায় প্রথম সাহরিতে নগরীর লাখো মানুষ ভোগান্তির শিকার হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরখান, দক্ষিণখান ও খিলক্ষেত এলাকার বাসিন্দারা অভিযোগ করে
এ প্রতিবেদককে বলেন, তিতাস কর্তৃপক্ষ গ্যাস বন্ধ করবে তারা নিজ নিজ এলাকায় মাইকিং করে জানাবে না? সবাই কি ফেসবুকে তাকিয়ে থাকে? এব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষের উচিত- আগেভাগে জানানো। এসময় তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিতাস গ্যাসের একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, তিতাস গ্যাসের সরবরাহ পাইপলাইনে নির্মাণ কাজ সংস্করণ করার কারণে অনেক সময় গ্যাস সরবরাহ শাটডাউন করা হয়। তখন কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে। পত্রিকা কিংবা গণমাধ্যমে বিজ্ঞাপন ও টেলিভিশনে স্কুল দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানানো হয়ে থাকে।
এব্যাপারে ভুক্তভোগী পরিবার গুলো রোজার মাসে গ্যাসের সরবরাহ ঠিক রাখতে এবং দুর্ভোগ লাগবে প্রতিকার চেয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বৃহত্তর উত্তরার সর্বস্তরের জনগণ।



