গাইবান্ধা
সাদুল্যাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
সাদুল্যাপুর থানার ওসি মো. আলীম উদ্দিন জানান, ভোরে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এলাকায় এসে ছিনতাইয়ের চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে একজন পালিয়ে যায় এবং বাকি দুজন গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহ দুটি গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



