সিরাজগঞ্জে আনন্দের জোয়ার: টুকু পূর্ণমন্ত্রী, ড. মুহিত প্রতিমন্ত্রী


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করেছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী হওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানের মতো সিরাজগঞ্জেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।
সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
অভিজ্ঞ রাজনীতিবিদ টুকু চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০১ সালের জোট সরকারে তিনি বিদ্যুৎ ও কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার বাবা আব্দুল্লাহ আল মাহমুদ পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।
অন্যদিকে ড. মুহিত প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ও সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিন–এর পুত্র।
সিরাজগঞ্জের ইতিহাসে এই প্রথমবারের মতো একই সঙ্গে জেলা থেকে একজন পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। ফলে জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার। শপথ গ্রহণের খবর পৌঁছানোর পর সদর, কামারখন্দ ও শাহজাদপুরে দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান।
স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যুৎ ও স্বাস্থ্য—এই দুই গুরুত্বপূর্ণ খাতে নিজ জেলার প্রতিনিধিত্ব থাকায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধান মিলবে।



