সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, সড়ক অবরোধে বিক্ষোভ

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদরে বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৯টার দিকে শহরের বিয়ারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত আঁখি খাতুন শহরের জুবলী রোড এলাকার ফুড কেয়ার হোটেলের স্বত্বাধিকারী ফারুক হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মেয়েকে মাদরাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এস আই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মালশাপাড়া-মুলিবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। আটক চালক শহরের সয়াধানগড়া মহল্লার আশরাফুল ইসলাম আশা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ