নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে প্রশাসনের প্রতি জাহিদুল ইসলামের আহ্বান


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মোহাম্মাদ জাহিদুল ইসলাম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
তিনি সিরাজগঞ্জ-2 (সদর–কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ইকবাল হাসান মাহমুদ টুকু ৯৯৩টি পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে, মোহাম্মাদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০টি পোস্টাল ভোটসহ মোট ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট পান। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৩৯ হাজার ৪০৬।
ভিডিও বার্তায় মোহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগ উঠেছে। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
একইসঙ্গে তিনি নির্বাচনে যারা তাকে ভোট দিয়েছেন ও যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের এই সমর্থন তার জন্য বড় প্রেরণা এবং ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অভিযোগ রয়েছে, নির্বাচনের পর কিছু এলাকায় জামায়াত-শিবির ও তাদের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সিরাজগঞ্জ সদরের সয়াগোবিন্দ এলাকায় জামায়াতের এক কর্মী মো. জিহাদ জুমার নামাজে যাওয়ার পথে মসজিদের গেটে হামলার শিকার হন বলে জানানো হয়। লাঠিসোঁটা নিয়ে হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত কর্মীকে দেখতে হাসপাতালে যান মোহাম্মাদ জাহিদুল ইসলাম। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।





