ডিজিটাল কারচুপির চেষ্টা চলছে: কায়কোবাদ


বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ আসনে দলের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমার প্রতিপক্ষ ডিজিটাল কারচুপির চেষ্টা করতেছে। আমার অনুরোধ থাকবে এই ডিজিটাল কারচুপি যেন কেউ করতে না পারে। প্রশাসন যেন সেদিকে ভালোভাবে খেয়াল রাখে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের ডিআর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ বলেন, আজকে ভোট দেওয়ার ব্যবস্থা আল্লাহতাআলা করে দিয়েছেন। আল্লাহতাআলা জালেমদের বিদায় করে দিয়ে একটি ভোটের পরিবেশ তৈরি করে দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছে। এমন পরিবেশের জন্য অধিকাংশ ভোটার ১৭ বছর অপেক্ষা করেছে। আমরা জনগণের রায়ে বিশ্বাসী। আল্লাহতায়ালা রহমতে এবং মানুষের রায়ে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।
কায়কোবাদ আরও বলেন, ১৭ বছর পর আমি নিজেও ভোট দিলাম। এমন ভোটের ধারা অব্যাহত থাকুক। দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক সেই প্রত্যাশা করছি। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে তারা যেন ডিজিটাল কারচুপির দিকে ভালোভাবে খেয়াল রাখেন সেই আহ্বান করছি।



