পটুয়াখালী

পায়রা বন্দরে সেতুর শার্টার ভেঙে শ্রমিক নিহত

এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: পায়রা বন্দরে নির্মাণাধীন একটি সেতুর শার্টার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের মধ্যে দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের নিকটবর্তী নির্মাণাধীন চার লেন বিশিষ্ট এক্সট্রা ডোজ কেবল সেতুর শার্টার ভেঙে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রাসেল হাওলাদার (২৬)। তিনি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহতরা হলেন- গাইবান্ধা জেলার আলম (৪০), রঞ্জু (৩৫) শেরপুর জেলার রাকিবুল হাসান।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকালে আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন চার লেন সেতুর পূর্ব অংশে শার্টারিংয়ের কাজ চলছিলো। এ সময় হঠাৎ শার্টারিং ভেঙে নিচে পড়ে যায়। এতে শার্টারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও তিন শ্রমিক। তারা জানান, দুর্ঘটনার পর স্থানীয় ও সহকর্মীরা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল মালেক জানান, রাসেল হাওলাদার ঘটনাস্থলেই মারা গেছেন। তার শরীর ও মাথায় গুরুতর আঘাত ছিলো। আহত রঞ্জু ও রাকিবুল হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অপর আহত আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া ও লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া গ্রামকে সংযুক্ত করতে আন্ধারমানিক নদীর ওপর এ সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (সিসিইসিসি)। প্রায় এক হাজার ১৮০ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ