সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর নগ্ন হামলা, হেনস্তা ও অশালীন কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে বিভিন্ন এলাকা থেকে নারীরা জমায়েত হতে থাকেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটিতে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। স্থানীয়দের মতে, সিরাজগঞ্জের ইতিহাসে জামায়াতে ইসলামীর এমন বড় নারী সমাবেশ এর আগে দেখা যায়নি।

বিক্ষোভ মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নারীরা নারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনাও করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক সুলতানা ইয়াসমিন জেবা বলেন, “ভোট চাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে আমাদের নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে, এমনকি ভোট দিতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।” বিক্ষোভ কর্মসূচিতে নারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি ও প্রতিবাদ তুলে ধরেন।

এই বিভাগের আরও সংবাদ