নির্বাচন শান্তিপূর্ণ সম্পাদনের লক্ষ্যে ২৮ দিনব্যাপী কোস্ট গার্ডের নিরাপত্তা জোরদার


সুমন,স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে ২৮ দিনব্যাপী নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি হতে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা ভোটকেন্দ্রসমূহে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২রা ফেব্রুয়ারী) সকাল থেকেই কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা’র আওতাধীন সুন্দরবন সংলগ্ন দাকোপ ও কয়রা উপজেলার ৫৬টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যগণ দায়িত্ব পালন করছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা হবে।
নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এছাড়াও যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।



