বগুড়া

বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমার স্নান উৎসব উদযাপিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ৫১টি শক্তিপীঠের অন্যতম শ্রী শ্রী মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা স্নান উৎসব উদযাপিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেন ভক্তরা।

প্রতি বছরের ন্যায় এবারও মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসবের আয়োজন করা হয়। পাপ মোচন ও পুণ্যলাভের আশায় সূর্যোদয়ের পর থেকেই মন্দিরের শাঁখারি পুকুরে পুণ্যস্নান ও বিশেষ পূজায় অংশ নেন হাজারো ভক্ত। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ঢল নামে।

এই বিভাগের আরও সংবাদ

মন্দির চত্বরে বসা মেলায় দই-মিষ্টি, চিড়া-মুড়কি ও পূজার সামগ্রীর দোকানগুলোতে ছিল জমজমাট বেচাকেনা। মিষ্টি ব্যবসায়ী রমেশ সাহা জানান, একদিনের এই মেলায় প্রায় ১০০ মণ দই এবং ১৫০ থেকে ২০০ মণ মিষ্টি বিক্রি হয়। তবে শাঁখা বিক্রেতা সুমতি রাণী হালদার ও মন্দির কমিটির তত্ত্বাবধায়ক অপূর্ব চক্রবর্তী জানান, বিগত বছরের তুলনায় এবার ভক্তসমাগম ও কেনাকাটা কিছুটা কম হয়েছে।

নাটোরের সিংড়া থেকে আসা সুকুমার রায় ও স্থানীয় ভক্ত অসীম সরকার জানান, পূর্বপুরুষের আমল থেকে তারা এই উৎসবে আসছেন। মনোবাসনা পূরণ ও পুণ্যলাভের আশায় তারা সপরিবারে এখানে সমবেত হন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মাঘী পূর্ণিমা উৎসব সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মন্দির এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রাত পর্যন্ত বলবৎ থাকবে।

এই বিভাগের আরও সংবাদ