গুলশানে ৬২০ বোতল বিদেশী মদসহ এক মাদককারবারি গ্রেফতার


মনির হোসেন জীবন : রাজধানীর গুলশান থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬২০ বোতল বিদেশী মদসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তির নাম মোঃ ইব্রাহিম (২০)। ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার
গোস্তপুলি গ্রামের মোঃ লালমিয়ার পুত্র। সে বর্তমানে রাজধানীর ভাটারা থানার বসুমতি এলাকায় বসবাস করে আসছিল।
আজ শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) র্যাব-১, উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ রাকিব হাসান মাদকসহ একজনকে আটকের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এবং এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে র্যাব-১, উত্তরার একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী ঢাকার গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ থেকে বনানী এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি গুলশান থানার বাসা নং-০১, রোড নং-১৩ এর সামনে পাকা রাস্তার উপর পৌছানোর পর বিপরীত দিক থেকে আগত একটি পিক আপ দেখে র্যাবের আভিযানিক দল গাড়ি থামানোর সংকেত দিলে র্যাব এর উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা মোঃ ইব্রাহিম (২০)কে ৬২০ বোতল (৪৯৯.৫ লিটার) বিদেশী মদ ও পিকআপসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব বলছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিদেশি মদ (আলামত) জব্দসহ ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাবের এ কর্মকর্তা ।





