ডাকাতি ও ইজিবাইক চুরি: সিরাজগঞ্জে পুলিশের জোড়া অভিযান


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে ডাকাতি মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসব ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত কাল (৩০ জানুয়ারী) প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ী উত্তরপাড়া গ্রামে মো. জামিল সরকারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় ৭–৮ জনের একটি দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে নগদ ৯৩ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, প্রায় দেড় ভরি স্বর্ণ ও নয় ভরি রুপার অলংকার লুট করে। ঘটনার পরপরই মামলা দায়ের হলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এরই ধারাবাহিকতায় ২৯ জানুয়ারি সলংগা ও উল্লাপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে বগুড়ার শেরপুর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতির মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে, যাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অপরদিকে, গত ২৮ জানুয়ারি সদর থানাধীন শিয়ালকোল ইউনিয়ন এলাকা থেকে যাত্রীবেশে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাটোরের সিংড়া থানায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইজিবাইকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, লুণ্ঠিত ও চোরাই মালামাল উদ্ধারে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





