সিরাজগঞ্জ

জামায়াতের বৈঠকে যাওয়ার অভিযোগে ইমামকে অব্যাহতির অভিযোগ

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার মল্লিকবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম হোসেন সিরাজীকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে এলাকায় আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমাম ইব্রাহিম হোসেন সিরাজী বলেন, সোমবার বিকেলে তাকে মৌখিকভাবে জানানো হয় যে, তিনি আর মসজিদে দায়িত্ব পালন করতে পারবেন না। এ সময় কোনো লিখিত নোটিশ বা কারণ দর্শানো হয়নি।

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে জামায়াতের একটি বৈঠকে যাওয়ার সন্দেহ তোলা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, তিনি কোনো ধরনের রাষ্ট্রবিরোধী বা আইনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং একজন ইমাম হিসেবে তিনি শুধু ধর্মীয় দায়িত্বই পালন করে আসছেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, মসজিদ কমিটির এক জরুরি বৈঠকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত মোবাইল ফোনে জানানো হয়। বিষয়টি জানান মসজিদ কমিটির সভাপতি ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. আবু শাহিন মল্লিক।

সংবাদ সম্মেলনে ইমাম দাবি করেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার সন্দেহে একজন ধর্মীয় কর্মীকে দায়িত্বচ্যুত করা ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের পরিপন্থী। তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুবিচার নিশ্চিত করার আহ্বান জানান।

অন্যদিকে, মসজিদ কমিটির সভাপতি আবু শাহিন মল্লিক জানান, মুসল্লিদের আগ্রহ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ