ব্রাহ্মণবাড়িয়া

খুনিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা ‘রিকনসিলিয়েশনের’ প্রশ্ন নেই: প্রেস সচিব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খুনিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা ‘রিকনসিলিয়েশনের’ আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয়টিও আমাদের কানে আসেনি। তাদের মধ্যে অনুতাপের কোনো লক্ষণ নেই। খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলিয়েশনের প্রশ্ন নেই।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় কোল্লা শহীদ মাজার পরিদর্শনের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব কথা বলেন।

শফিকুল আলম কঠোর ভাষায় বলেন, ‘যারা শহীদের রক্ত নিয়ে রাজনীতি ও মসকরা করে, তাদের এই সমাজে কোনো জায়গা নেই। খুনিদের একমাত্র জায়গা জেলখানা।’

গণভোট সম্পর্কে কথা বলতে গিয়ে প্রেস সচিব বলেন, জনগণের মধ্যে গণভোট সম্পর্কে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। মানুষ এখন সব জানে ও বোঝে। আমরা আশাবাদী, জনগণ গণভোটে অংশ নিয়ে বিপুলভাবে ‘হ্যাঁ’ ভোট দেবেন। তিনি আরও বলেন, “এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই স্বৈরাচারের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে এবং গত ১৬ বছরের খুনের রাজনীতির বিরুদ্ধে জনগণ ‘রেড কার্ড’ দেখাবে। দেশকে এগিয়ে নেওয়া ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এই ভোট সবার জন্যই জরুরি।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এ বছর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ হবে। অতীতে দেখা গেছে বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হয়েছে বা জেলে পাঠানো হয়েছে। কিন্তু এবার নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে।

আখাউড়ায় কোল্লা শহীদ মাজার পরিদর্শনকালে তিনি আখাউড়া খড়মপুর এলাকার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ খরমপুর মাজার শরীফ জিয়ারত করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, ‘পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনো হ্যাঁ-এর পক্ষ নেয় কখনো না।’

তিনি তিতাস নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এসময় প্রেসসচিবের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে শঙ্কার কথা আসছে ইউটিউব, টিকটক থেকে। কিছু লোক আছে যারা ভিউ কামানোর জন্য এটা করছে। আমি বলব যে নির্বাচন নিয়ে শঙ্কার কথা একেবারেই অমূলক।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কি পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি, তাদের নেত্রীর যখন বিচারের রায় হলো, তার আগেও যখন হরতাল হলো। তারা দুই-একটা ককটেল মারতে পারে। গির্জায় ককটেল মারে, বাসে ককটেল মেরে আগুন দিয়ে একজনকে মেরে ফেলে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এর বাইরে তারা আর কি করতে পারে। তার কি মিছিল ডাকতে পারে। তাদের মিছিলে কেউ যায়। যারা ডলার নিয়ে গেছে তারা কি আবার ডলার খরচ করে মিছিল করাবে। তারা জানে যে তাদের নেত্রী আর আসতেছে না।’

বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, মোহাম্মদ আরজু, মঞ্জুরুল আলম, এমদাদুল হক, আল-আমীন শাহীন, পিযূষ কান্তি আচার্য্য, মফিজুর রহমান লিমন, নজরুল ইসলাম শাহজাদা, বিশ্বজিৎ পাল বাবু, শফিকুল ইসলাম, মো. শাহাদৎ হোসেন, ফরহাদুল ইসলাম পারভেজ।

এই বিভাগের আরও সংবাদ