খুলনায় সাবেক এমপি বাবুর পিএস তাজ আটক


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক ও পতিত সরকারের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) তছলিম হুসাইন তাজকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (ডিবি) শাখা।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে নগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
খুলনা নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তছলিম হুসাইন তাজ বর্তমান সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকার অভিযোগে সম্প্রতি খুলনায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের সূত্র জানায়, তছলিম হুসাইন তাজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন এবং পতিত সরকারের সময়ে খুলনা জেলার সাবেক প্রভাবশালী সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতা পরিকল্পনা ও সরকারবিরোধী তৎপরতার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না-তা খতিয়ে দেখা হচ্ছে।





