নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর নির্বাচনী কমিটির সভায় হামলা-ভাংচুর


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত সভায় হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।
একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরকত উল্যাহ বুলু নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
সোমবার বিকেলে একলাশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষে একটি সভার আয়োজন করে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা। ওই সভায় বিকেল ৪টার দিকে প্রায় ৩শতাধিক নেতাকর্মি এসে যোগ দেন। এ সময় হঠাৎ মুখোশ পরে ৫০-৬০জন যুবক এসে হামলা চালায়। একপর্যায়ে তারা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে আহত করার চেষ্টা করে। পরবর্তীতে তারা সভাস্থলে প্রায় ৫শতাধিক চেয়ার ও মঞ্চ ভাংচুর করে চলে যায়। হামলাকারীরা যাওয়ার সময় বলে যায় এখানে কোন সভা করা যাবে না।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা এডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলী-যুবলীগের সম্রাট বাহিনী ও খালাসি বাহিনীর সদস্য ছিল। আমি তাদের কয়েকজনকে আদালত আঙ্গিনায় আগে দেখেছি। তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি।





