ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মনোনয়ন নিয়ে তীব্র ক্ষোভ: ত্যাগীদের বাদ, বিতর্কিত প্রার্থীকে বেছে নেওয়ায় অস্থির তৃণমূল

ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া–কসবা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নব্বই ঊর্ধ্ব এক নেতাকে প্রাথমিক মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে তৃণমূলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় নেতাদের অভিযোগ—প্রবীণ এই নেতার স্মৃতিশক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে, এমনকি সাম্প্রতিক এক সভায় সমাবেশকে ‘সহবাস’ বলে উল্লেখ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় অস্বস্তি আরও বেড়েছে।

স্থানীয় নেতারা জানান, হাঁটতে-চলতেও তাকে দুইজন সহকারী নিয়ে উঠতে-বসতে হয়।

এ অবস্থায় নির্বাচনী এলাকা পরিচালনা তো দূরের কথা, প্রচারণার মৌলিক দায়িত্বও তিনি পালন করতে পারবেন কিনা—এ নিয়ে প্রশ্ন উঠেছে দলীয় নেতাকর্মীদের মধ্যেই। কসবা এবং আখাউড়া ১৫ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার মত শারীরিক সক্ষমতা তার নেই। এই পর্যন্ত তিনি ৩ বার এলাকায় এসেছেন। সমাবেশে বসেই তিনি ঘুমিয়ে পড়েন। তার ঘুমানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

প্রবীণ এই নেতার ব্যক্তিগত সহকারী (পিএস) আরিফ প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতির মামলায় কারাগারে আটক—যা মনোনয়ন সিদ্ধান্তকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

দলীয় নেতারা মনে করছেন, বয়োজ্যেষ্ঠ নেতাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী ৬ সদস্যের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে প্রভাব বিস্তার করছে এবং এবারও সেই সিন্ডিকেট মনোনয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রেখেছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে জমি দখল মামলা বাণিজ্যসহ বিভিন্ন প্রতারণার মারাত্মক সব অভিযোগ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রচারিত হয়েছে।

প্রার্থী জয়ী হোক বা পরাজিত হোক —দুই অবস্থাতেই এই সিন্ডিকেট লাভবান।

অভিযোগ রয়েছে, ২০১৮ সালের নির্বাচনে তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে আঁতাত করে নিজের মনোনয়নপত্রে ইচ্ছাকৃত ভুল করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। এর আগে একবার নির্বাচনে জয়ী হলেও দুইবার পরাজয়ের অভিজ্ঞতা রয়েছে তার।

বিএনপির ত্যাগী নেতা কবীর আহমেদ ভূঁইয়াকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছে বিএনপি’র নেতাকর্মী সমর্থক ও সর্বস্তরের জনসাধারণ।

তৃণমূলের অসন্তোষের আরও সবচেয়ে বড় কারণ—আখাউড়া–কসবায় দীর্ঘদিন ধরে সংগ্রাম, আন্দোলন ও সাংগঠনিক নেতৃত্বে থাকা ত্যাগী নেতা কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন না দেওয়া।

জেলা বিএনপির ১৪টি ইউনিটেই তার নেতৃত্বে ঐক্যবদ্ধতার নজির রয়েছে। আন্দোলন-সংগ্রামের সময় তিনি গুমের শিকার হন এবং পরিবারকে বিভিন্ন নির্যাতন মোকাবিলা করতে হয়—তৃণমূল এসব ত্যাগকে মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলছে।

স্থানীয় নেতারা বলছেন, “কবীর আহমেদ ভূঁইয়াই এ আসনে সর্বাধিক গ্রহণযোগ্য ও মাঠপর্যায়ের নেতা। তাকে বাদ দেওয়া মানে ত্যাগীদের প্রতি অবমূল্যায়ন।”

বর্তমানে আখাউড়া–কসবা জুড়ে বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে দৈনিক বিক্ষোভ, মানববন্ধন, গণ মিছিল, কাফনের কাপড় পরে মিছিল, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাদের একটাই দাবি—আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজকর্মী কবীর আহমেদ ভূঁইয়াকে পুনর্বিবেচনা করে মনোনয়ন দেওয়া।

স্থানীয় বিএনপির মতে, বর্তমান পরিস্থিতিতে এ আসনে বিএনপির পরাজয়ের সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। মনোনয়নবিষয়ক সিদ্ধান্ত দ্রুত সংশোধন না হলে সীমান্তবর্তী এই কৌশলগত গুরুত্বপূর্ণ আসনটি হাতছাড়া হতে পারে বলেও তারা মনে করছেন।

বিএনপি সমর্থক এবং স্থানীয় তৃণমূলের দাবি—দলকে বাঁচাতে ও সংগঠনকে শক্তিশালী করতে আন্দোলনে-সংগঠনে প্রমাণিত নেতৃত্বের মূল্যায়ন জরুরি। অন্যথায় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে পরিণতি হবে “আগাম পরাজয়”—এমন সতর্কবার্তাই আসছে মাঠপর্যায় থেকে।

এই বিভাগের আরও সংবাদ