কালীগঞ্জে বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মাহাবুবার রহমানের ইন্তেকাল


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাহাবুবার রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে গত সপ্তাহে ঢাকায় চিকিৎসা শেষে তিনি কালীগঞ্জের থানা পাড়ার নিজ বাসায় অবস্থান করছিলেন। সোমবার বেলা ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে যশোর ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার বেলা ১২টায় কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর উপজেলার শ্রীরামপুর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং হাজারো সাধারণ মানুষ।মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঝিনাইদহ জেলা বিএনপি এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুধবার কালীগঞ্জ উপজেলা বিএনপিসহ জেলা বিএনপির সব কার্যালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা হবে।





