বাগেরহাট

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে: ছাত্রদল নেতা সবুজ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অন্যতম সিনিয়র সহ-সভাপতি ও জুলাই যোদ্ধা রেজানুল হক সবুজ বলেছেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অর্থনৈতিক মুক্তি সম্ভব।

শনিবার (১১ অক্টোবর) সকালে বাগেরহাট-৩ (শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়া) আসনে মনোনয়ন প্রত্যাশী এই ছাত্রনেতা নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে খানজাহান আলী (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে তার দিনব্যাপী কর্মসূচি শুরু করেন। পরে তিনি তিন উপজেলার বিভিন্ন স্থানে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

এসময় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ও মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোড়েলগঞ্জের আব্দুল আজিজ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন রেজানুল হক সবুজ।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে গণতন্ত্রের চর্চা ও মানুষের অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করতে হবে। দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধান হাসিনা এখনো নানা ভাবে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এদেশের কিছু গোষ্ঠী ওই ফ্যাসিস্ট শক্তিকে গোপনে ও প্রকাশ্যে মদদ দিচ্ছে সতর্ক থাকতে হবে তাদের থেকে।

তিনি আরও বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে সংগঠনকে সুসংহত করতে হবে। দেশ গঠনে অংশ নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে এবং সবার প্রতি সমান সম্মান ও মানবিক আচরণ প্রদর্শন করতে হবে।

রেজানুল হক সবুজ জানান, তিনি ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের সময়ে ৮–১০ বার কারাবরণ করেছেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ. এম. শামীম আহসান, মোরেলগঞ্জ পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ খান চুন্নু, মোরেলগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল বেপারী, বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, এবং আরও অসংখ্য নেতা-কর্মী।##

এই বিভাগের আরও সংবাদ