সিরাজগঞ্জ

সন্ধ্যা নামলেই চুরি-ছিনতাই ও ডাকাতির আতঙ্কে কামারখন্দবাসী

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ, প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দিন দিন বেড়েই চলেছে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। সন্ধ্যা নামলেই উপজেলার কিছু আঞ্চলিক সড়কে ডাকাতের ভয়ে চলাচল করতে পারছেন না পথচারীরা।

সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতেও পারছে না রাত হলেই হাড়ি-পাতিল, টিউবওয়েল, মোটর, অটো ভ্যান, ভ্যানের ব্যাটারি পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। এছাড়াও কৃষক পরিবারগুলো গরু, ছাগল ও হাঁস-মুরগি নিয়ে দুশ্চিন্তায় রাত পার করছে। প্রায়ই উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা ঘটছে, এতে অনেক কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন। এমনকি মসজিদের মাইক পর্যন্ত রেহাই পাচ্ছে না চোরদের হাত থেকে।

উপজেলার কোনাবাড়ি গ্রামের কৃষক হাবু সরকারের পুত্রবধূ গোলাপী জানান, কিছুদিন আগে তাদের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। গত ৪ অক্টোবর একই পাড়ায় আরেকটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ অক্টোবর গরুটি বিক্রি করার সময় চোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

সম্প্রতি কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাউল ওভারব্রিজ এলাকায় মাইক্রোবাস থামিয়ে ডাকাতির একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উপজেলার ভদ্রঘাট কাসেম মোড়, কোনাবাড়ি মফিজ মোড় ও ঝাউল ওভারব্রিজের আঞ্চলিক সড়কগুলোতে সন্ধ্যা নামলেই ঘটে ছিনতাই ও ডাকাতির ঘটনা। সন্ধ্যার পর এসব রাস্তায় সিএনজি, অটো ভ্যান, মোটরসাইকেল বা সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া ডাকাতের ভয়ে চলাচল করে না।

কোনাবাড়ি মফিজ মোড় এলাকার ভ্যানচালক মজনু জানান, “মফিজ মোড় থেকে নান্দিনা-বিয়ারা যাওয়ার রাস্তায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। সন্ধ্যার পর চলাচল করা কামার, কুমার, জেলে, নাপিতসহ বিভিন্ন পেশার মানুষকে থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুট করে নেয়। প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। তাই সন্ধ্যার পর আমরা জরুরি কাজ ছাড়া এই রাস্তায় যাই না।”

উপজেলার বরধুল গ্রামের অটোভ্যানচালক সিদ্দীক বলেন, “এই রাস্তায় মাঝেমধ্যেই ডাকাতরা অটোভ্যানচালক ও মোটরসাইকেল চালকদের থামিয়ে অস্ত্রের মুখে ভ্যান ও টাকা-পয়সা নিয়ে যায়। মাঝে মাঝে হাইওয়ে রাস্তায় বঙ্গবন্ধু সেতু পুলিশের টহল দেখা গেলেও, হাইওয়ে থেকে মাত্র ২০০ মিটার দূরের এই আঞ্চলিক রাস্তাগুলোতে মাঝেমধ্যে এমন ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরে চলা এসব ঘটনার পরও কামারখন্দ থানা পুলিশ এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আমরা দিন এনে দিন খাই, আমার এই অটো গাড়ি টাই জীবিকা। যদি এটা চুরি হয়ে যায় তাহলে আমার দুঃখের সীমা থাকবে না। তাই সন্ধ্যার পর গাড়ি চালাই না, প্রয়োজনে বিকল্প রাস্তা ব্যবহার করি।”

উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের বাসিন্দা মনসুর আলী বলেন, “মাঝেমধ্যেই আমাদের এলাকায় মানুষের টিউবওয়েল, ভ্যানের ব্যাটারি, হাঁস-মুরগি, হাড়ি-পাতিল চুরি হয়ে যাচ্ছে। অনেক ভ্যানচালক তাদের গাড়ি ও ব্যাটারি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।”

কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজ্জাক রাজ বলেন, “বর্তমানে উপজেলার বিভিন্ন প্রান্তে চুরি, ছিনতাই ও ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়েছে। এর জন্য দায়ী কামারখন্দ উপজেলা প্রশাসনের ব্যর্থতা। পুলিশের নাকের ডগায় এসব ঘটনা ঘটছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়নি।”

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো। কামারখন্দ একসময় চুরি-ছিনতাই অধ্যুষিত এলাকা ছিল। ঝুঁকিপূর্ণ এলাকায় ইতিমধ্যে আমরা দুটি সান্ধ্যকালীন টহল টিম নিয়োজিত করেছি। আমাদের কাছে কোনো লিখিত অভিযোগও আসছে না।

এই বিভাগের আরও সংবাদ