হিলিতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ


হিলি প্রতিনিধি: জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনসহ ৫ দফা দাবিতে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলা শাখা।
আজ শুক্রবার বিকেল ৪ টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে নেতাকর্মীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।
সমাবেশ শেষে চারমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের কারণে ফ্যাসিষ্ট আওয়ামীকে দেশ ছাড়া করতে পেরেছি। তাই আমাদের প্রথম দাবি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আাইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে বলে জানান নেতারা।





