শারদীয় দুর্গাপূজায় ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর


পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ।
জানা গেছে, বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে। সেই সূত্রে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ সংক্রান্ত চিঠির কপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে উভয় স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা আশরাফুল ইসলাম।
আগামী ৫ অক্টোবর, রবিবার থেকে যথারীতি সিঅ্যান্ডএফ কার্যক্রম চালু হবে। বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা ৮ দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী আমরাও চিঠি ইস্যু করে স্থলবন্দরের ব্যবসায়ীদের জানিয়েছি। ৫ অক্টোবর থেকে পূর্ণোদ্যমে ব্যবসা-বাণিজ্য শুরু হবে।’
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম ৮ দিন বন্ধ রাখার কথা জানিয়েছে। বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও একই সিদ্ধান্ত নিয়েছে। তবে শুল্ক দপ্তরের কার্যক্রম সচল থাকবে।



