ঝিনাইদহ

ছোট্ট দেবীর আবির্ভাবে পূজামণ্ডপের আনন্দ ছড়িয়ে পড়লো ঘরে ঘরে

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব মানেই বাঙালির সবচেয়ে বড় সামাজিক ও ধর্মীয় উৎসব। চারপাশে যখন ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি আর ধূপধুনোর গন্ধে মাতোয়ারা সবাই, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক ছোট্ট শিশু – ঋষিতা ঘোষ।

বাবা রতন ঘোষ ও মা তমা ঘোষের আদরের মেয়ে, সাংবাদিক মানিক ঘোষের ভাইজি ঋষিতা ঘোষের বয়সে খুবই ছোট – সদ্য হাঁটতে ও কথা বলতে শিখেছে। কিন্তু বয়সের তুলনায় তার সাজগোজ আর অভিব্যক্তি যেন অনেক বড়দেরও হার মানিয়েছে। দুর্গাপূজা উপলক্ষে মা দূর্গার রূপে সেজে ঋষিতা সবার মন কেড়েছে।

ঋষিতাকে মা দূর্গার সাজে দেখার পর যেন মনে হয়েছে ঘরে ঘরে নেমে এসেছে দেবী দূর্গা। কপালে তিলক, হাতে ত্রিশূলের প্রতীক, পরনে সাদা-লাল পাড়ের শাড়ি, গলায় সোনালী গহনা – ছোট্ট এই শিশুকে দেখে যেন মনে হয়েছে, দেবী নিজেই এসেছেন আশীর্বাদ দিতে।

ঋষিতা তার মাম্মাম মিতালী ঘোষ বলেন, “ঋষিতা যখন সেজে বসলো, ঘরের সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েছিল। যেন সত্যিই মা এসেছেন আমাদের ঘরে। তার হাসি, চোখের চাহনি – সবই যেন এক পূর্ণাঙ্গ দুর্গারূপ।”

দুর্গাপূজা শুধু পূজামণ্ডপের নয়, ঘরে ঘরে আনন্দ ছড়িয়ে দেয়। ঋষিতার সাজ পরিবারের জন্যও এক বিশেষ মুহূর্ত তৈরি করেছে। রতন ঘোষ বলেন,

“মেয়েকে মা দূর্গার সাজে দেখে মনে হয়েছে, পূজার আনন্দ এবার ঘরে ঘরে পৌঁছে গেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী সবাই এসে দেখেছে, ছবি তুলেছে। এই আনন্দ ভাষায় বোঝানো সম্ভব নয়।”

শিশুকে ছোটবেলা থেকেই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের সঙ্গে পরিচয় করানো আমাদের ঐতিহ্যের অংশ। ঋষিতার এই সেজে ওঠা শুধু বিনোদন নয়, সাংস্কৃতিক শিক্ষারও একটি গুরুত্বপূর্ণ দিক। ছোট থেকেই যখন শিশুরা এই উৎসবের আবহে বেড়ে ওঠে, তারা ভবিষ্যতে সমাজ ও ঐতিহ্যের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে।

সবার মন কেড়েছে ছোট্ট দেবী

ঋষিতার ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যারা দেখেছেন, তারা প্রশংসায় পঞ্চমুখ। অনেকে লিখেছেন, “এ যেন সত্যিকারের দেবী অবতার!”

শারদীয় দুর্গোৎসবের আনন্দে ছোট্ট ঋষিতার দেবীরূপ যেন প্রতীক হয়ে উঠেছে পরিবারের সুখ-শান্তি আর আশীর্বাদের। পূজার আনন্দ ছড়িয়ে পড়েছে কেবল পূজামণ্ডপেই নয়, ঘরে ঘরে – হৃদয়ে হৃদয়ে।

এই বিভাগের আরও সংবাদ