দূর্গাপূজা নিবির্বিঘ্নে পালনে বি এন পি পাশে: কালীগঞ্জে হামিদের মতবিনিময় সভা


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা-২০২৫ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নলডাঙ্গা ভূষণ হাই স্কুল অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। দেবু প্রসাদ মৈত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। ঝিনাইদহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রবীর বিশ্বাসের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ বলেন, “বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। গণতান্ত্রিক দেশে সবার সমান অধিকার রয়েছে। আমরা সবাই মিলেমিশে বাস করি, দুষ্কৃতিকারীদের কোনো স্থান এ দেশে হবে না।” তিনি আরও আশ্বাস দেন যে দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু শশাঙ্ক, প্রভাত ব্যানার্জ্জি, জগদীশ দেবাধিকারী, শিবু পদ বিশ্বাস, নিশিত শাহ, হরেন্দ্র নাথ মল্লিক, প্রশান্ত খা, সাধন পাল, নগেন দাস প্রমুখ।
বক্তারা আসন্ন পূজায় আইন-শৃঙ্খলা রক্ষা, সার্বজনীন নিরাপত্তা নিশ্চিতকরণ ও পূজামণ্ডপে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।





