সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ -৬: বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক, একক প্রার্থীতে স্বস্তিতে জামায়াত

মাহবুবুল আলম, শাহজাদপুর প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিজেদের শক্তি জানান দিতে মাঠে নেমেছে তারা। চলছে মিছিল, মিটিং ও গণসংযোগ। পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালাচ্ছে প্রচার প্রচারণা।

তাঁত সমৃদ্ধ ও বিএনপির দুর্গ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও বর্তমান শাহজাদপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ড. এম এ মুহিত, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি গোলাম সরোয়ার , সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি শফিকুল ইসলাম ছালাম ও বিএনপির সাবেক এমপি মরহুম কামরুদ্দিন এহিয়া খান মজলিশ সরোয়ারের ভাই বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আলহাজ্ব মোঃ ওয়াসেফ খাঁন মজলিস (মহর)।

তারা সকলেই নির্বাচনি এলাকা শাহজাদপুরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তাদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শাহজাদপুর। এদের মধ্যে ড. এম এ মুহিত ও গোলাম সরোয়ার মানুষের কাছে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তাদের নিয়ে আলোচনা হচ্ছে সবখানে। তবে এতে পিছিয়ে অন্য প্রার্থীরাও।

তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বিএনপির সাধারণ ভোটাররা মনে করেন বিএনপির দুর্গ হিসেবে পরিচিত শাহজাদপুরে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবে শাহজাদপুর উপজেলা বিএনপি। এছাড়াও বিএনপির সাধারণ ভোটার এবং নেতা কর্মীরা মনে করেন বিএনপির দুর্গ উদ্ধারে সফল হবে বিএনপি।

এরইমধ্যে প্রার্থী চূড়ান্ত করে ভোটের মাঠে নেমেছে জামায়াত। দলটির একক প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমান। তিনি দলটির একক প্রার্থী হিসেবে অনেক আগে থেকেই নির্বাচনী মাঠে নেমেছেন।

এ আসনে বিগত দিনের আওয়ামী লীগের একতরফা নির্বাচন বাদ দিলে এ আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী আওয়ামী লীগের রাজনীতি মাঠে না থাকায় দুর্গটি ভাঙতে চায় জামায়াত। বিগত দিনে এ আসনে নারী ভোটারদের উপর বিএনপির একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল । এখন তা জামায়াতের নিয়ন্ত্রণে বলে জানান অনেকে। তাই নারী ভোটারদের বড় অংশের ভোট পেতে পারে জামায়াতে ইসলামী। এছাড়াও তারা বিএনপির নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ির কারনে বিএনপি এবং সাধারণ ভোটারদের বড় অংশের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে আগামীতে শান্তিপূর্ণ নির্বাচন হলে সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই বেছে নিবেন।

উল্লেখ্য, এ আসনে ১৯৮৬সালে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার , ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারীতে বিএনপির আনছার আলী সিদ্দিকী , ১৯৯৬ সালের জুনে আওয়ামী লীগের শাহজাহান, ২০০১ সালে বিএনপির মঞ্জুর কাদের, ২০০৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে চয়ন ইসলাম, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের হাসিবুর রহমান স্বপন ও ২০২১সালের উপ-নির্বাচনে মেরিনা জাহান কবিতা আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই বিভাগের আরও সংবাদ