আবু তৈয়েব সহ যারা শহীদ হয়েছে হত্যাকারীদের বিচার হবে: নিতাই রায়


মতিন রহমান, মাগুরা:দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষের কোন স্বাধীনতা ছিল না। মানুষের অধিকারকে হরণ করা হয়েছিল। বিএনপি অসংখ্য নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হয়েছিল। দেশের গণতন্ত্র ও বিচার ব্যবস্থাকে একনায়কতন্ত্রে পরিণত করেছি ফ্যাসিস্ট সরকার। তারা বলেছিল তাদের সরকার কোনদিন পালাবে না। কিন্তু এদেশে জনগণের কথা না ভেবে এই সরকার ঠিকই ভারতে পালিয়ে গেল বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
শনিবার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়িখালি হাইস্কুল মাঠে রাজনৈতিক প্রতিহিংসার শিকার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শহীদ আবু তৈয়ব মোল্যার ২য় শাহাদাত বার্ষিকীর স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন প্রবীণ এই রাজনীতিবিদ।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি কারো কাছে মাথা নত করেনি। ফ্যাসিস্ট এদেশ থেকে চলে গেলেও তার দোসররা এদেশে রয়ে গেছে। এদেশে বসে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা শহীদ আবু তৈয়ব হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। সেই সাথে এদেশে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন শহীদ আবু তৈয়বের পিতা শিক্ষক আবু কালাম মোল্যা সহ পরিবারের সদস্যরা। নিহত তৈয়েবের বাড়ি মহম্মদপুর উপজেলার রাড়িখালি গ্রামে। দু’বছর আগে রাজনৈতিক প্রতিহিংসায় তাকে হত্যা করা হয়।
এসময় রাজাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোসলেম উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাড. রোকনুজ্জামান খান, এ্যাড. মিঠুন রায় চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য মৈমুর আলী মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজা, মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুব সম্পাদক মনিরুল ইসলাম মুকুল সহ এলাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





