কলাপাড়ায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মোঃ লোকমান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লোকমান দীর্ঘদিন ধরে পাখিমারা বাজারে একটি টেইলার্সের দোকান পরিচালনা করে আসছিলেন। প্রতিদিনের মতো দোকান শেষে তিনি ভাড়াটিয়া বাসায় ফেরেন। সন্ধ্যায় স্বজনরা ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পান তিনি গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এদিকে হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিচিতজন ও স্বজনরা স্তম্ভিত হয়ে পড়েছেন। স্থানীয়রা বলছেন, লোকমান ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম বলেন, “আমরা মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নিহত লোকমানের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



