খুলনা

হাইকোর্টের রায়ের সমর্থনে কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের বিক্ষোভ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হাইকোর্টের রায়ের সমর্থনে এবং প্রকৌশলী খাত সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’–এর ব্যানারে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাপ্ত হয়।

সমাবেশে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু সায়েম, রিফাত জয়, মো. আরমান, মো. ওয়াসিম মোল্যা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহিমুল বক্তব্য দেন। তারা জানান, প্রকৌশল খাত সংস্কার ও বৈষম্য দূরীকরণের জন্য তিন দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে হাইকোর্ট উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের পরীক্ষা ডিপ্লোমা ও একই বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে, যা আন্দোলনের প্রথম বিজয়।

বাকি দাবিগুলো হলো—সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) বা সমমান পদে প্রবেশের জন্য ন্যূনতম যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ও সবার জন্য নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করা, কোটার মাধ্যমে বা নতুন পদ তৈরি করে পদোন্নতি বন্ধ করা, এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা গ্রহণ। এছাড়া নন-অ্যাক্রিডিটেড বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় IEB-BAETE–এর আওতায় আনারও দাবি জানানো হয়।

বক্তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ