মাগুরায় দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা


মতিন রহমান, মাগুরা: দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা নিয়ে মাগুরার মহম্মদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মহম্মদপুর উপজেলা মডেল মসজিদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, মহম্মদপুর উপজেলা শাখা।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল। তিনি বলেন, “অবসরপ্রাপ্ত সৈনিকরা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, দেশ ও সমাজের শান্তিপূর্ণ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।”
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি মফিজুর রহমান হারুন। বক্তব্য রাখেন কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুস আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকরা জাতীয় উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
আলোচনা সভায় মহম্মদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুই শতাধিক প্রাক্তন সৈনিক অংশগ্রহণ করেন।





