ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে নেতৃত্ব সংকট ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে: সম্মেলন ঘিরে সংঘর্ষের আশঙ্কা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তৃণমূল পর্যায়ে নির্বাচিত নেতাদের অংশগ্রহণে সম্মেলন হলেও, একটি গোষ্ঠী কেন্দ্রীয় হস্তক্ষেপ ও অনৈতিক লবিংয়ের মাধ্যমে কমিটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, জেলা বিএনপির ১৪টি সাংগঠনিক ইউনিটের মধ্যে ১৩টির সম্মেলন সম্পন্ন হলেও বিজয়নগর ইউনিটের সম্মেলন এখনও হয়নি। মরহুম জিল্লুর রহমানের মৃত্যুর পর এডভোকেট এম এ মান্নানকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়। তাদের নেতৃত্বে আন্দোলন ও সাংগঠনিক কাজ ব্যাপক গতি পায়। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিভিন্ন ইউনিটের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
তবে সাবেক সহসভাপতি হাফিজুর রহমান কচি মোল্লা, জহিরুল হক খোকন ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে একটি গোষ্ঠী এই কমিটিকে বিতর্কিত করতে উঠে-পড়ে লেগেছে। অভিযোগ রয়েছে, তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বর্তমান কমিটিকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকা এবং এলাকায় অনুপস্থিত থাকা সত্ত্বেও ইঞ্জিনিয়ার শ্যামল সভাপতির পদ দখলের জন্য মরিয়া হয়ে উঠেছেন। অথচ তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন, যা দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দ্বৈত পদে থাকার সুযোগ দেয় না।
অন্যদিকে, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া চলমান কমিটিকে পূর্ণ সমর্থন দিয়ে আসছেন। তার নেতৃত্বে জেলার ১৩টি ইউনিটের সম্মেলন সফল হয়েছে। নেতাকর্মীরা বলছেন, নতুন কমিটি করতে হলে ভোটাধিকার নিশ্চিত করতে হবে, না হলে সাংগঠনিকভাবে তারা আন্দোলনে নামবেন।
উল্লেখ্য, সদ্য জেলা সম্মেলনের প্রথম অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দ্বিতীয় অধিবেশন স্থগিত থাকায় চলমান অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।
তৃণমূল নেতারা বলছেন, ১৪টি ইউনিটের কাউন্সিলরদের ভোটাধিকার খর্ব করে কোনো কমিটি গঠনের চেষ্টা হলে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তারা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও গঠনতন্ত্র সম্মত সমাধান চান।





