হাতীবান্ধায় স্কুল মাঠে দোকান বসানোর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট:লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ডি.এন.এস.সি উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে হাটবাজার চালানোর অভিযোগ উঠেছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয় মাঠে মানববন্ধনে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল গোতামারী ডি.এন.এস.সি উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে আসছে। যদিও শুরুতে অস্থায়ীভাবে দোকানপাট বসানো হলেও এখন সেখানে বাঁশের খুঁটি স্থাপন করে তা না সরিয়ে শিক্ষার্থীদের খেলাধূলায় ব্যাঘাত ঘটানো হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, স্কুল মাঠে মাছের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এতে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও শব্দদূষণ। এমন পরিবেশে ক্লাসে মনোযোগ দেওয়া দুরূহ হয়ে পড়েছে। তারা আরও বলেন, হাটের দিন স্কুলে যাতায়াতেও প্রতিবন্ধকতা দেখা দেয়।
শিক্ষকরা বলেন, প্রতি মঙ্গলবার মাঠে সাপ্তাহিক হাট বসে। ওই দিন স্কুল কার্যক্রম বন্ধ রাখতে হয়। পাশাপাশি হাটে আসা লোকজন বিদ্যালয়ের দেয়াল ব্যবহার করে প্রকাশ্যে মূত্রত্যাগ করায় শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



