ঠাকুরগাঁও

ফিলিস্তিনে নারকীয় গণহত্যার প্রতিবাদে রাণীশংকৈলে হাজারো মানুষের বিক্ষোভ

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও নারকীয় গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইসলামী সংগঠনের নেতাকর্মী, পথচারী ও সর্বস্তরের মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে এক সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে শিশু, নারী ও নিরপরাধ মানুষের ওপর নারকীয় গণহত্যা চালাচ্ছে, তা সভ্য বিশ্বে নজিরবিহীন। আমরা এই বর্বরতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ করছি।”

তারা আরও বলেন, “বিশ্ব মুসলিম সমাজকে এখন ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসরায়েল মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাই নিরব থাকার সময় নয়, এখনই সোচ্চার হওয়ার সময়।”

সমাবেশ থেকে বাংলাদেশের মানুষকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশুদের হত্যা মেনে নেওয়া যায় না। আমরা এর নিন্দা জানাই।বাংলাদেশের মানুষ সবসময় নির্যাতিতদের পক্ষে। আজ আমরা সেই মানবিকতা থেকে এখানে এসেছি।

ইসরায়েলের এসব বর্বরতায় বিশ্ব মানবতা লজ্জিত।আমরা মুসলিম উম্মাহর পক্ষ থেকে প্রতিবাদ জানাতে এসেছি। ইসরায়েলি পণ্য বর্জন করে আমরা প্রতিবাদের অংশ হতে চাই।এই বিশাল সমাবেশ ও বিক্ষোভে রাণীশংকৈলের রাজপথ মুখরিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ তুলে ধরেন।

এই বিভাগের আরও সংবাদ