জনআকাঙ্খা পূরণ করতে জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: জোনায়েদ সাকি


আজ গণসংহতি আন্দোলন, ছলিমাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে “নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গণসংলাপ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মোঃ হান্নান উদ্দীন সরকারের সভাপতিত্বে ও প্রফেসর মঈনুল হোসেন সরকারের সঞ্চালনায় গণসংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেব গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
গণসংলাপে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি’র নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, বাংলাদেশ কৃষক-মজুর সংহতির সাধারণ সম্পাদক আলিমুল কবির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বাঞ্চারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সংগঠক শামীম শিবলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য জোনায়েদ সাকি বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্তে জনগণকে সমস্ত ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের আকাঙ্খার বাস্তবায়নের উপযোগী করে সংবিধানের সংস্কার না করলে আমরা কাঙ্খিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো না। সেই জন্য আমাদের সংস্কার লাগবে আবার সংস্কারকে সম্পূর্ণ করতে নির্বাচন লাগবে। সংস্কার ও নির্বাচনের মধ্যে কোন বিরোধ নাই। নির্বাচিত সংসদ কি কি সংস্কার করবে নির্বাচনের আগে সর্বসম্মতিক্রমে জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় সনদ তৈরী করতে হবে।”
জোনায়েদ সাকি আরো বলেন, “ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে জনআকাঙ্খা তৈরী হয়েছে তা বাস্তবায়নে ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যে ফাটল ধরলেই ফ্যাসিবাদীরা সুযোগ নিবে; জনগণের সংগ্রাম ক্ষতিগ্রস্থ হবে।”
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, “দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। হাসিনা জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার কেড়ে নিয়ে জনগণকে প্রজায় পরিণত করেছিলো। তার বিরুদ্ধে জনগণ লড়াই করে বিজয় অর্জন করেছে, শুধু ভোটাধিকার নয় বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে নতুন বন্দোবস্তের আকাঙ্খা মানুষের মাঝে তৈরী হয়েছে। কিন্তু নতুন বন্দোবস্তের আলোচনায় সকলের জন্য শিক্ষা, কৃষকের ফসলের নায্যমূল্য ও শ্রমিকের নায্য মজুরিও নিশ্চিত নিয়ে আমরা আলাপ-আলোচনা দেখছি না। যদি সমাজের বেশিরভাগ মানুষের আকাঙ্খার বাস্তবায়ন নতুন বন্দোবস্তে না থাকে দেশের মানুষ সেই বন্দোবস্ত মেনে নিবে না।”
গণসংলাপে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সংগঠন মোঃ কাউসার আহমেদ, আবদুল মতিন, মোঃ মজিবুর রহমানসহ নেতৃবৃন্দ।





