লালমনিরহাট

আমদানি রপ্তানি বন্ধের ২২ দিনের মাথায় বোল্ডার পাথর আমদানি চালু

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী স্থলবন্দর। আমদানি -রপ্তানি দীর্ঘ ২২দিন বন্ধ থাকার পর লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা।

এর আগে বোল্ডার পাথরের আমদানী মূল্য কমানোর দাবীতে গত ১ ফেব্রুয়ারি থেকে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের আমদানী মূল্য ডলার বেশী হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের আমদানীকারকরা ব্যাপক ক্ষতির মুখে পরেছে বলে জানান ব্যবসায়ীরা। পাথরের ডলার মূল্য কমাতে ভারত -ভুটানের রপ্তানিকারকদের সাথে চিঠি আদান-প্রদান করে বুড়িমারী স্থলবন্দরের আমদানি -রপ্তানিকারক এসোসিয়েশন।

রোববার(২৩ফেব্রুয়ারি)দুপুরে বুড়িমারী স্থল বন্দরের ব্যবসায়ীরা ওপারের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে বোল্ডার পাথর আমদানি শুরু করে।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আমরা বর্ডারে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের আমদানিকারক ও সিএ্যান্ডএফ এজেন্টগনকে জানিয়ে এসেছি তারা পাথর নিজ নিজ আমদানিকারকের সাথে কথা বলে চালু করে দিবে।এবং তাদের গাড়ির কোনো সমস্যা হবে না। আমি মনে করি আমাদের যে আন্দোলন ছিল পাথরের দাম কমানোর সেটা প্রায় শতভাগ সফল হয়েছে। এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর আমদানি – রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভারত ও ভুটানের ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে।আমরা একটা বাজার মনিটরিং কমিটি করেছি, তারা বাজারটা মনিটরিং করবে। আজকে দুপুরের পর থেকেই বোল্ডার পাথর আমদানি শুরু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ