সংস্কার আর নির্বাচনের মধ্যে কোন বিরোধ নেই: জোনায়েদ সাকি


আজ ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, বিকেল ৪ টায় ফরদাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণসংলাপ অনুষ্ঠিত হয়। সরকার মোঃ মঈনুল ইসলামের সভাপতিত্বে ও রাকিব মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণসংলাপে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বাঞ্চারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সংগঠক শামীম শিবলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জোনায়েদ সাকি বলেন, “গণসংহতি আন্দোলনের রাজনৈতিক লক্ষ্য জনগণের উন্নতি, বাঞ্চারামপুরে আমাদের রাজনীতি বাঞ্চারামপুর বাসির উন্নতি।অনেকে এখন বলছেন সংস্কারের আগে কোন নির্বাচন নয়। নির্বাচন নিজেই একটা সংস্কার। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। নির্বাচনের জন্য সংস্কার লাগবে আবার সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে। দুইটার মধ্যে কোন বিরোধ নাই। যারা সংস্কার বোঝেন না তারাই একথা বলেন। জনগণের সমর্থন ছাড়া সংস্কার করা যায় না। নির্বাচনের আগে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যে আইনী সংস্কার দরকার সেটা নির্বাচনের আগে করতে হবে আর সংবিধান সংস্কার নির্বাচনের পরে হবে। এই বিষয়ে ঐক্যমত্য তৈরী করে যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেউ যদি আমাদের রাজনৈতিক ঐক্যমত্য নষ্ট করতে চায় বাংলাদেশের ভবিষ্যত খারাপ হবে, তারা বাংলাদেশের ভালো চায় না। মানুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে কষ্টে আছে, আহতদের সুচিকিৎসার বন্দোবস্ত সরকার এখনো করতে পারে নাই সেদিকেও সরকারকে নজর দিতে হবে।”
গণসংলাপে জোনায়েদ সাকি বলেন, “স্থাপনা ভাঙচুর করলেই ফ্যাসিবাদ চলে যাবে না। ফ্যাসিবাদ রন্ধে রন্ধে আছে, চিন্তায় আছে, ব্যবস্থার মধ্যে আছে সেগুলা বদলাতে হবে। সেগুলো বদলিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়েই ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য প্রয়োজন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ও জনগণের ঐক্য গড়ে তোলা।”
গণসংলাপে বাচ্চু ভূইয়া বলেন, “নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিক-কৃষকের নায্য মজুরী ও ফসলের নায্য দাম নিশ্চিত করতে হবে। দেশের অধিকাংশ মানুষের স্বার্থ নিশ্চিত করে এমন বন্দোবস্তে আমাদের পৌছাতে হবে।”
গণসংলাপে সৈকত আরিফ বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মধ্যে দিয়েই জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্খা তৈরী হয়েছিলো তা বাস্তবায়নে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরী হয়েছিলো তা রক্ষা করা দরকার ছিলো কিন্তু নিজেদের গোষ্ঠীস্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা সেই ঐক্যকে ভেঙে দিয়ে অভ্যুত্থানকে কুক্ষিগত করতে গিয়ে অভ্যুত্থান থেকে জনগণকে বিচ্ছিন্ন করেছেন। গোষ্ঠীস্বার্থে অভ্যুত্থানকে ব্যবহার করতে যদি অভ্যুত্থান ব্যর্থ হয় জনগণ আপনাদের ক্ষমা করবে না।”





