বগুড়ার শেরপুরে ছাত্র-জনতার ১৯ দফা দাবিতে লিফলেট বিতরণ


শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ২০২৪ জুলাই ঘটে যাওয়া গণহত্যার বিচার, সড়ক ও পরিবহন ব্যবস্থা আধুনিকীকরণ ও জনগণের বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে ছাত্র-জনতার উদ্যোগে (২৮ জানুয়ারী) মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বাসষ্ট্যান্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
তাদের দাবি ধুনট মোড় থেকে হাজিপুর মডেল মসজিদ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, নিরাপদ জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডার ফাঁকা জায়গা বৃদ্ধি সকল বয়সের মানুষের জন্য ফুটপাতের উন্নয়ন, নিরাপদ ইউটার্ন, গোল চত্বর, অবৈধ পার্কিং উচ্ছেদ, সড়ক ব্যবহারের সুষ্ঠু, অটো রিক্সা ও সিএনজির জন্য নির্দিষ্ট স্ট্যান্ডের, উল্টোপথে গাড়ী চলাচল বন্ধ এবং জরিমানার ব্যবস্থা করা।
শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুটওভারব্রিজ নির্মাণ, গাড়ির গতি ৪০ কিমি সীমাবদ্ধ করা, ট্রাফিক পুলিশ মোতায়ন ও সড়কবাতি স্থাপন, শহরের রাস্তা ব্যবহার উপযোগী ও বাজার ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা সেবায় কঠোর নজরদারি, করতোয়া নদী দখলমুক্ত ও দূষণ রোধ, অবৈধ ইজারা বন্ধ করা, সীমাবাড়ি ইউনিয়নে শিশু ধর্ষণের বিচার, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকমুক্ত শেরপুর, সরকারি সেবা ও ভূমি সেবায় দুর্নীতি বন্ধ, কিশোর গ্যাং প্রতিরোধসহ শব্দদূষণ বন্ধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা।
এছাড়াও শেরপুরে সড়কে নিরাপত্তা ও জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রশাসনের দ্রæত ব্যবস্থা গ্রহণের আহŸান জানায়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর-ধুনট-নন্দীগ্রামের উপদেষ্টা ইয়াছিন আলী হিমেল তার বক্তব্যে বলেন, আমরা নেতা হতে নয়, শেরপুরের উন্নয়ন ও ভাই হত্যার বিচার চাই। সমন্বয়ক সাদিকুর রহমান বলেন, শেরপুরে সড়ক ব্যবস্থাপনার আধুনিকীকরণ ও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে।
উপস্থিত ছিলেন মো. আরাফত রহমান মিলন, মো. সৈকত, মো. বুলবুল আহম্মেদ, মো. রোহান, মো. মুজাহিদ হাসান, মোছা. সাইরিন রিদা, মোছা. সোহানী আক্তার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, ফ্লাইওভার নির্মাণের ব্যাপারে শেরপুরের জনগণ ও আমি একমত। এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের জন্য বগুড়া উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি আরো জানান, ফুটপাত দখলমুক্ত করতে রোডস এন্ড হাইওয়ের সঙ্গে আলোচনা চলছে।





