বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলের ১৩ মাইল গড়েয়াহাট পেট্রোল পাম্পের সামনে মিনি বাসের চাকায় পিষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় কাহারোল উপজেলার ১৩ মাইল মোস্তফা পেট্রোল পাম্প সংলগ্ন ঢাকা-পঞ্চগড় সড়কে।
দেলোয়ার হোসেন বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মাঝা কুমোরপুর গ্রামের লুৎফর রহমান ও সাবেক মহিলা মেম্বার আফরোজা বেগমের দ্বিতীয় ছেলে।
হাইওয়ে পুলিশের এসআই মো: রেজাউল ইসলাম জানায়, নিহত দেলোয়ার হোসেন প্রতিদিনের ন্যায় অদ্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দিনাজপুর মুন্সিপাড়ায় বড় ভাই আনোয়ার হোসেনের আদর্শ লাইব্রেরি যাওয়ার পথে ১৩ মাইল গড়েয়া পেট্রোল পাম্পে তেল নিয়ে মহাসড়কে উঠার সময় রংপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী সুরুজ গ্রুপের কানতা এন্টারপ্রাইজ (ঢাকা মোট্রো ব- ১২-২৫৬২ নামক মিনি বাস বিপরীত থেকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার আফরোজ সুলতানা লুনা সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দেলোয়ার নিহত হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।
ঘটনার পর সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘাতক বাসটিকে আটক করেছে মর্মে সত্যতা স্বিকার করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।



