ইসকনকে নিষিদ্ধের দাবিতে হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল


পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসি ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাফেজ কল্যান সংস্থা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিন শেষে হাতীবান্ধা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন হাফেজ কল্যান সংস্থা। এতে মাদ্রাসার শত শত শিক্ষার্থী অংশ নেয়৷
সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ কল্যান সংস্থার কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, হাতীবান্ধা হাফেজ কল্যান সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আইনজীবী সাইফুল ইসলামের হত্যায় জড়িতরাসহ চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসি ও সন্ত্রাসী গোষ্ঠী ইসকনকে দ্রুত বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে৷ এ সময় ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করে বক্তারা বলেন, নরেন্দ্র মোদী সাহেব আপনি আপনার গদি সামলান। একবার যদি মুসলমানরা ক্ষেপে যায় তাহলে আপনি কাউকে থামাতে পারবেন না।



