কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে জনতার ঢল

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত জেলা বিএনপির সাবেক নেতারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল করে এবং তারা আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদারের নেতৃত্বে সমবেত হন জেলা বিএনপির সাবেক কমিটির কয়েকজন সহ বিক্ষুব্ধ হাজার হাজার কর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ

পরে তারা সেখান থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের এনএস রোড হয়ে মিছিলটি মজমপুর গেটে সমাবেশে রুপ নেয়। এসময় শহরে যানজটের সৃষ্টি হলেও উৎসুক জনতা পদবঞ্চিত নেতাদের সমর্থন করেন। এসময় বিক্ষুব্ধ কর্মী জনতা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যা. শামীমুল হাসান অপু বলেন, কেন্দ্রীয় কমিটি কতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে যে কমিটি ঘোষণা করেছিল তাতে পুরোপুরি সন্তুষ্ট না হলেও আমরা প্রতিক্রিয়া দেখাইনি। কেন্দ্রীয় কমিটি যেটা ভালো মনে করেছে, তা মেনে নিয়েছিলাম। আমরা তাদের কাছে গেছি, ফুলেল শুভেচ্ছা জানিয়েছি।

আরেক নেতা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ত্যাগীদের এই কমিটিতে স্থান দেওয়া হয়নি। বরং যারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ব্যবসা করেছেন তারাই স্থান পেয়েছেন। জেলার তিনজন সাবেক সংসদ সদস্যকেও এই কমিটিতে সদস্য পদ দিয়েও রাখা হয়নি। যেটা স্পষ্ট ষড়যন্ত্র।

এদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, ভেবেছিলাম নতুন কমিটির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকার তারা মামা ভাগ্নে সবাইকে নিয়ে রাজনীতি করবে। কিন্তু আমাদের সেই ভাবনা ভুল ছিল। তারা মামা ভাগ্নে মিলে নিজেদের লোকজন দিয়ে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি দিয়েছেন, যা আমাদের মতো বহু নেতার রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসের নীলনকশা তৈরী করেছে। আমরা তা বাস্তবায়ন হতে দেবো না।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, ভেড়ামারা কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম নুরু, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবলু মোল্লা ও কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।

এদিকে কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, যারা বিক্ষোভ করলেন, তাদের মধ্যে আমাদের মাত্র সাতজন ছিলেন। বাকিদের তো চিনতে পারলাম না। যদি আপনারা চেনেন, আমাদের জানাবেন।

এবিষয়ে জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, যারা নিজেকে পদবঞ্চিত মনে করেন, তাদের রাস্তাঘাটে হইচই না করে সঠিক উপায়ে দাবি জানানোর আহ্বান জানাই। আহ্বায়ক কমিটি ছোট একটা কমিটি। চাইলেও সবাইকে সেখানে জায়গা দেওয়া সম্ভব হয় না। পৌরসভা-উপজেলাসহ ১১টি ইউনিট আমাদের। সবার প্রতিনিধিত্বের প্রশ্ন আছে।কাউন্সিল করে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, তখন ত্যাগী বিবেচনায় সবাইকে স্থান দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি করে কেন্দ্রীয় বিএনপি। পরে ৪নভেম্বর ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়। এই কমিটি বাতিলের দাবি জানিয়ে পদবঞ্চিত নেতারা বিক্ষোভ সমাবেশ করে।

এই বিভাগের আরও সংবাদ