কুষ্টিয়ায় পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ


কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার কুমারখালীতে দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার শিলাইদহস্থ পদ্মানদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে পুলিশের দুই এএসআই নিখোঁজ হয় বলে জানা গেছে। সংবাদ পেয়ে কুমারখালি ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে যায়। তবে এখনো পর্যন্ত নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার করতে পারেননি বলে জানান। নিখোঁজ রয়েছেন কুমারখালী থানার এএসআই মুকুল ও এএসআই সদরুল।
এবিষয়ে ফায়ার সার্ভিসের সাব অফিসার ফিরোজ হোসেন জানান, পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে দুই পুলিশ সদস্য নিখোঁজের বিষয়টি কুমারখালী থানার ওসি অবগত করেন। পরে শিলাইদহস্থ পদ্মানদীতে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।
এঘটনায় স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে কুমারখালী থানা পুলিশ পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে জেলেদের সাথে পুলিশের সক্ষতা হয় হয়। সেসময় জেলেরা পুলিশের নৌকার সাথে তাদের নৌকার ধাক্কা দেয়। এতে পুলিশের নৌকা ডুবে যায়। এসময় নৌকায় থাকা অন্যান্য পুলিশ সদস্যরা সাঁতরে পাড়ে উঠলেও দুইজন পুলিশের কর্মকর্তা নিখোঁজ হন।
ঘটনার বিষয়ে কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, রোববার বিকেল ৫ টা পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন তারা। রাতে তাদের কোন অভিযান ছিলোনা বলে জানান তিনি।
এদিকে কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম জানান, চরসাদিপুর ইউনিয়নে ওয়ারেন্টের আসামি আটকের জন্য রোববার গভীর রাতে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। চরসাদিপুর যাবার পথে পদ্মানদী পার হবার সময় পুলিশের নৌকার সাথে অপরিচিত একটি নৌকার ধাক্কা হয়। এসময় পুলিশের নৌকা তলিয়ে গেলে অন্য পুলিশ সদস্য সাঁতরে প্রাণে বাচে। ঘটনায় দুজন এএসআই এর কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।





