লালমনিরহাট

রংপুরের হত্যা মামলায় কালীগঞ্জে ছাত্রলীগের কর্মী গ্রেফতার

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শাকিল আহম্মেদ নামে ছাত্রলীগের এক কর্মীকে রংপুরের হত্যা মামলায় গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।

গ্রেফতার শাকিল আহম্মেদ উপজেলার কাকিনা ইউনিয়নের কবিবাড়ি এলাকার মৃত রজব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ও সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন।

লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম বলেন, রংপুর মেট্রোপলিটনে থানার একটি হত্যা মামলায় এজাহার নামীয় আসামি শাকিল আহম্মেদ আত্নগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কাকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত পরে জানানো হবে।

অপর দিকে ঢাকা লালবাগ থানার শাহিনুর ইসলাম হত্যা মামলায় শুক্রবার একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রলীগের সভাপতি আবু সাঈদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের হত্যা মামলায় কালীগঞ্জ উপজেলা থেকে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ