হাতীবান্ধায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায় লাখ টাকা জরিমানা


পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধয় বোমামেশিন দিয়ে অবৈধভাবে সানিয়াজান নদী থেকে বালু উত্তোলনের দায়ে আশরাফ আলী নামের এক বোমা মেশিন মালিকের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা ফকিরপাড়া ইউনিয়নের সানিয়াজান নদী থেকে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় হাতীবান্ধা উপজেলা ভূমি কর্মকর্তা দুলাল হোসেন এই জরিমানা করেন। অভিযুক্ত আশরাফ আলী ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো অবৈধভাবে সানিয়াজান নদী থেকে বোমামেশিন দিয়ে বালু উত্তোলন করছিলো বালু ব্যবসায়ী আশরাফ আলী। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ভূমি কর্মকর্তা দুলাল হোসেন বলেন, সরকারি নির্দেশ অমান্য করে সানিয়াজান নদী থেকে অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তির ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে।



