মোংলায় বিজয়া দশমীতে সিঁদুর খেলার মধ্যে দিয়েই দেবী দুর্গাকে বিদায় জানালো ভক্তরা


সুমন,স্টাফ রিপোর্টার: হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পাঁচদিন ব্যাপী এ শারদীয়া দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে আবিরের রঙে দেবীর বরণ ও দর্পন বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গাপূজা। অনুষ্ঠিত হয় সিঁদুর উৎসব। মোংলায় প্রতিটি মণ্ডপে দেবীর বন্দনায় বিষাদের সুর।
আজ শনিবার(১২অক্টোবর) ভক্তদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিলো মণ্ডপগুলোতে। ভক্তের হৃদয়ে বইছে দেবী দুর্গাকে দশমীর বিসর্জনের আনুষ্ঠানিকতা। মোংলায় পূজামণ্ডপে উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকঢোলের বাদ্য ছিলো দেবীর বিদায়ের সুর।বিজয়া দশমীতে মুখ ভার সকল ভক্তের। পুজা শেষ মানেই আনন্দও শেষ। তবে ঘরের মেয়েকে বিদায় জানাতে মনখারাপ ও চোখের জলে নয়, হাসি মুখে সিঁদুর খেলা হয়।সিঁদুর খেলার আক্ষরিক অর্থ হল সিঁদুর নিয়ে খেলা। বাঙালি হিন্দু মহিলারা বিজয় দশমীর দিন, দুর্গাকে বিদায় জানানোর আগে সিঁদুর খেলেন।
বিশ্বাস করা হয় এর মধ্যে দিয়ে সৌভাগ্য ও স্বামীদের দীর্ঘায়ু বয়ে আনা হবে।রীতি মেনে দেবী দুর্গাকে সিঁদুর ছুঁইয়ে সে সিঁদুর নিজে ও অন্যকে মেখে উৎসব করেন সনাতন ধর্মের সধবা নারীরা। সিঁদুর খেলার মধ্য দিয়ে পৃথিবী জরামুক্ত করার প্রার্থনা।
বাঙালি হিন্দুদের বিজয়া দশমীতে সিঁদুর খেলা শুধু বিবাহিত নারীদের মধ্যেই এই আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ নয়।মাকে বিদায় জানাতে সবাই মণ্ডপে ভিড় করেন। নেচে-গেয়ে এতে অংশ নেন। অবিবাহিত নারীরাও গালে আর হাতে মাখেন সিঁদুর। এভাবেই পাঁচ দিনের এই শারদীয় উৎসব শেষ হয়। ভক্তরা চোখের জল ফেলে এক বছরের জন্য দেবী দুর্গাকে বিদায় জানান।





