সুন্দরবনের শরবতখালী খাল এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের শরবতখালী খাল এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন’র নির্বাহী কর্মকর্তা লেঃ এম এইচ রিফাত এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে বনদস্যু নির্মুলে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি বনদস্যু বাহিনী ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় বনের গহীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে।
এমন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার ১৭ নভেম্বর সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের উপস্থিত টের পেয়ে বনদস্যুরা বনের গহীনে চলে যায়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০ টি একনলা বন্দুক, ২ টি এয়ারগান, ২ টি দেশীয় ওয়ান শুটার, ৪ টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা গুলি, ৩২ রাউন্ড ফাঁকা গুলি, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। বনদস্যু বাহিনীকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।





