সনাতনী ধর্মাবলম্বীদের আওয়ামী লীগ ব্যবহার করেছে: ব্যরিষ্টার হাসান রাজিব প্রধান


পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যরিষ্টার হাসান রাজিব প্রধান।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে হাতীবান্ধা কেন্দ্রীয় মন্দিরে এক শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপজেলার ৭২টি পূজা মণ্ডপের কমিটির মাঝে ৫০ কেজি চাল ও ১০ কেজি করে ডাল বিতরণ করা হয়।
এ সময় বিএনপি নেতা ব্যরিষ্টার হাসান রাজিব প্রধান বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। আমরা খুব সৎ মনোভাব এবং সৎ ইচ্ছা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমরা চাই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এটা উৎসব, নির্বিঘ্নে নির্ভয়ে এবং ভালোভাবে হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগ ব্যবহার করেছে। তাদেরকে এখন আগামীর দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আমাদের যেমন বাপ দাদার দেশ তাদেরও বাপ-দাদার দেশ। তাদেরও অধিকার রয়েছে তাদের অধিকার আদায়ের সচেতন হতে হবে। আমরা তাদের হাত প্রসারিত করবো। আমরা সবাই মিলে দেশটাকে ছাত্র-জনতার আশা-আকাঙ্খার মতো করে গড়ে তুলি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাতীবান্ধা শাখার সম্পাদক গজেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।





