মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা


কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া আদালত চত্বরে ২০১৮ সালে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ০১টার দিকে মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলার এজাহার জমা দেন।
জানা গেছে এতে শেখ হাসিনা ছাড়াও তৎকালীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক এমপি, সাবেক এসপি, ওসি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ মোট ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ১০-১৫ জনকে।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী বলেন, কুষ্টিয়া আদালত চত্বরে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৪৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও তার ভাগনি টিউলিপ সিদ্দিক সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়ায় একটি মামলা হয়। ওই মামলায় জামিন পেতে ২০১৮ সালের ২৩ জুলাই কুষ্টিয়া আদালতে গিয়েছিলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক।
ওই দিন আদালত ড. মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করার কিছুক্ষণের মধ্যেই তার ওপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। জামিন মঞ্জুরের পর তারা মাহমুদুর রহমানকে আদালতের একটি কক্ষে অবরুদ্ধ করে ফেলেন। একপর্যায়ে সেখান থেকে বেরিয়ে মাহমুদুর রহমান নিজের গাড়িতে ওঠার চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে রক্তাক্ত হন মাহমুদুর রহমান। এবং তার ব্যবহুত গাড়ি ভাঙচুর করে ছাত্র লীগের নেতাকর্মীরা। পরে মাহমুদুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে যশোর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মডেল থানা থেকে ড. মাহমুদুর রহমান বের হলে কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে কুষ্টিয়া প্রেসক্লাবে ড. মাহমুদুর রহমানের উপস্থিতিতে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।





