নীলফামারী

নীলফামারীতে টানা বৃষ্টিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে প্রচণ্ড তাপপ্রবাহের পর গত চার দিনের টানা বৃষ্টিতে তাপমাত্রা কমেছে অনেকটাই। আকাশ চিরে কখনও মুষলধারে আবার কখনও ঝিরিঝিরি ঝরছে বৃষ্টি। তবে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ থেকে নিম্ন আয়ের মানুষেরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩৯ দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলার ডিমলা ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আবহাওয়া অধিদফতর।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকেই কখনও ভারী, কখনও মাঝারি, এ ছাড়াও ঝিরঝির বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এদিকে কয়েকদিনের টানা বৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার থেকে কমেছে তাপমাত্রা। শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার পর্যন্ত চার দিন ধরে আশ্বিনের বৃষ্টিতে আয় রোজগার নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এতে দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষগুলো বৃষ্টির কারণে কাজে যেতে পারছেন না। অনেকে প্রয়োজনের বাইরে ঘর থেকে বের হচ্ছেন না। আবার পেটের দায়ে নিম্ন আয়ের মানুষগুলো বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার গন্তব্যে ছুটছেন।

স্থানীয়রা জানান, টানা কয়েকদিন ধরে আশ্বিনের বৃষ্টিতে আয়-রোজগারে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে কাজে যাওয়া যাচ্ছে না। আরেকদিকে আশ্বিনের এ বৃষ্টিতে শীত পড়তে শুরু করেছে। বিশেষ করে শেষ ভাদ্র থেকেই শুরু হয় শীতের আগমনি। আশ্বিন বয়ে নিয়ে আসে হিমেল হাওয়া। নীলফামারী হিমালয়ের পাদদেশে থাকায় এ অঞ্চলে আগাম শীতের আগমন ঘটে। ফলে এবারের বৃষ্টি শীত বয়ে নিয়ে আসছে। রাতে এখন কাঁথা নিয়ে ঘুমাতে হয় বলে জানাচ্ছেন তারা।

নীলফামারী সদরের হরতকিতলা বাজারের রিকশাচালক জাহাঙ্গীর আলম (২৮) জানান, ‘সকাল থেকে এখন পর্যন্ত ৩০-৪০ টাকার ভাড়া পেয়েছি। তা দিয়ে সংসারের কিছুই হবে না। বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (মিটার রিডার) নুরুল ইসলাম জানান, ‘তিস্তা ব্যারাজ এলাকায় গত ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩৯ দশমিক শূন্য মিলিমিটার ও বাতাসের গতিবেগ ৬ দশমিক শূন্য কিলোমিটার ও আর্দ্রতা ৯৩ শতাংশ বিরাজ করছে।’

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘কয়েকদিন ধরেই প্রখর তাপপ্রবাহ যাচ্ছিল। গত সোমবার রাত থেকে এ অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত (প্রায় ৬ ইঞ্চি পানি) রেকর্ড করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ৪৪ মিলিমিটার। টানা বৃষ্টিপাতে তাপমাত্রা যেমন কমেছে তেমনি এই বৃষ্টিপাতের ফলে শীতের আগাম আমেজ দেখা দিতে পারে।’

এই বিভাগের আরও সংবাদ