শ্রীনগরে একই রাতে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে একই রাতে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার কেসি রোডের সাতগাঁও বাসস্ট্যান্ড বাজারে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃষ্টিভেজা রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ চোরের দল এসব দোকানে ঢুকে নগদ টাকা, মালামাল ও ওয়ার্কশপের মেশিনপত্র চুরি করে নিয়ে যায়।
ঋুক্তভোগী দোকানীরা জানান, ওই বাজারের ইয়াসিন স্টোর, বহুমূল্য স্টোর, সুজন স্টোর, হৃদয় এন্টারপ্রাইজ, রাজু অটো ওয়ার্কসপ, দোলন স্টোর, স্বপন ওয়েল্ডিং, দিলীপ চা স্টোর, রাকিব মেকানিক, চন্দন টেলিকম, মায়ের দোয়া ফার্মেসিতে চুরির ঘটনা ঘটে। সব মিলিয়ে নগদ টাকাসহ প্রায় পৌণে ৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
এর মধ্যে ইয়াসিন স্টোর থেকে বাজার সমিতির রক্ষিত ৩ লাখ ৫ হাজার টাকা চুরি হয় বলে প্রতিষ্ঠানটির মালিক মো. ইয়াসিন দাবী করেন। বাজার সমিতির এই পরিমান টাকা একদিনে জমা হয়েছে কিনা বা কি কারণে তিনি এত টাকা দোকানে রেখেছিলেন এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন মুন্সী বলেন, মৌখিকভাবে তাকে বিষয়টি জানানো হয়েছে। চুরির ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে।





